

সিলেট জেলা বিএনপির সভাপতি ও জেলার সব সংসদীয় আসনের সমন্বয়ক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দীর্ঘ ১৫ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এগোচ্ছে বাংলাদেশ। এই যাত্রায় ঐক্যবদ্ধ ও সংগঠিতভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করাই এখন বিএনপির প্রধান লক্ষ্য।
শনিবার (৩১ জানুয়ারি) নগরীর লামাবাজারস্থ লাভিসতা হোটেল মিলনায়তনে ওসমানীনগর উপজেলা, বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত সিলেট ২ আসনের সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দীর্ঘ দেড় দশক ধরে গণতন্ত্রের দাবিতে বিএনপির নেতাকর্মীরা গুম, নির্যাতন ও মামলা মোকাবিলা করেও মাথা নত করেননি। তারেক রহমানের নেতৃত্বে আজ নতুন বাংলাদেশের পথে আমাদের সংগ্রাম আরও সুসংগঠিত হয়েছে।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে বিএনপিকে দায়িত্বশীল, ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল এবং তৃণমূলের নেতাকর্মীরাই দলের মূল শক্তি। সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ঘরে ঘরে গিয়ে দলের বার্তা পৌঁছে দিতে হবে। পাশাপাশি শান্তিপূর্ণ, গণমুখী ও সুশৃঙ্খল নির্বাচনী কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনা বলেন, এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও অধিকার থেকে বঞ্চিত। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং এই বঞ্চনার অবসানে বিএনপির বিকল্প নেই।
তিনি বলেন, ঐক্য, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করলে বিজয় নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, আমি জনগণের প্রতিনিধি হতে চাই জনগণের স্বার্থে। আপনারাই আমার শক্তি। আসুন, ধানের শীষের বিজয়ের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করি।
সভায় জেলা বিএনপির উপদেষ্টা ময়নুল হক চৌধুরী, সহসভাপতি ফখরুল ইসলাম ফারুক, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপনসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কৌশল, সাংগঠনিক প্রস্তুতি ও মাঠপর্যায়ের কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মন্তব্য করুন