মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:২০ এএম
অনলাইন সংস্করণ

শীতে বিপর্যস্ত জনজীবন, কর্মহীন হাজারো মানুষ

খড়কুটোর আগুনে শীত নিবারণের চেষ্টা। ছবি : কালবেলা
খড়কুটোর আগুনে শীত নিবারণের চেষ্টা। ছবি : কালবেলা

উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রামের চিলমারীতে হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। টানা কয়েকদিন ধরে ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে উপজেলার নিম্নআয়ের মানুষের জীবন-জীবিকা কার্যত স্থবির হয়ে পড়েছে।

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, ভ্যানচালক, রিকশাচালক, কৃষিশ্রমিক ও নদীনির্ভর শ্রমজীবীরা। কাজ না থাকায় কর্মহীন হয়ে পড়েছেন হাজারো মানুষ।

সরেজমিনে বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, ভোর থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশার কারণে সড়ক ও নৌপথে চলাচল সীমিত হয়ে পড়ছে। সারাদিন ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকে এবং সূর্যের দেখা মিলছে না। আঞ্চলিক ও মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলো কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে। শ্রমজীবীরাও ঠিকমতো কাজে বের হতে পারছেন না। কেউ কেউ বের হলেও পর্যাপ্ত কাজ পাচ্ছেন না। এতে দিন আনা দিন খাওয়া মানুষ পড়েছেন চরম অনিশ্চয়তায়।

কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার রাজারহাটের কর্মকর্তা সুবল সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (২৯ ডিসেম্বর) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে।

করাইবরিশাল চরের দিনমজুর আব্দুল করিম বলেন, ‘এহন ঠান্ডা এত বেশি যে সক্কাল বেলা ঘর থেইকা বাইর হওয়াই মুশকিল। কাজ নাই, রোজগারও নাই।’

রিকশাচালক আব্দুস সাত্তার জানান, শীতের কারণে যাত্রী কমে গেছে অনেক। সারা দিন ঘুরে যা পাই, তা দিয়া সংসার চলে না। তার ওপর ঠান্ডায় শরীরও ভালো থাকে না।

সরেজমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা গেছে, শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিশেষ করে সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর ভিড় দেখা যাচ্ছে। এর মধ্যে শিশু ও বয়স্করা বেশি ঝুঁকিতে রয়েছেন।

চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু রায়হায় বলেন, ‘এ পর্যন্ত শীতজনিত রোগে ৩৫ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ডায়রিয়াজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বেশি।’

ঠান্ডাজনিত রোগে হাসপাতালে ভর্তি হওয়া আমিনুল ইসলাম (৬০), গোলজার হোসেন (৮০) বলেন, ‘কয়েক দিন ধইরা খুব ঠান্ডা লাগতেছে। কাশি-জ্বর বাড়তে বাড়তে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঘরে গরম কাপড়ও ঠিকমতো নাই। শেষে অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি হইছি। ডাক্তার কইছে, শীতে বেশি সাবধান থাকতে।’

অন্যদিকে দরিদ্র ও অসহায় মানুষের জন্য পর্যাপ্ত শীতবস্ত্রের অভাব রয়েছে। অনেক এলাকায় এখনো শীতবস্ত্র সহায়তা পৌঁছায়নি বলে অভিযোগ স্থানীয়দের।

শীতের প্রভাব পড়েছে কৃষি খাতেও। কুয়াশার কারণে সবজি ক্ষেত ও ইরি-বোরো বীজতলায় রোগের প্রকোপ বাড়ছে। কৃষকরা আশঙ্কা করছেন, দীর্ঘদিন কুয়াশা ও শীত অব্যাহত থাকলে উৎপাদন ব্যাহত হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন, ‘এ পর্যন্ত উপজেলার ৬টি ইউনিয়নে ১৩০০ কম্বল বিতরণ করা হয়েছে। আরও সাড়ে ৪০০ কম্বল বিতরণের পর্যায়ে রয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X