আতাউর রহমান, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা)
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

সাইনবোর্ডে আটকে আছে ব্রাহ্মণপাড়ার ফায়ার স্টেশন 

ফায়ার সার্ভিস নির্মাণ স্থানে ঝোলানো সাইনবোর্ড। ছবি : কালবেলা
ফায়ার সার্ভিস নির্মাণ স্থানে ঝোলানো সাইনবোর্ড। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণের প্রকল্প ৮ বছরেও বাস্তবায়ন হয়নি। নির্মাণকাজ শুরু না হলেও উপজেলার সাহেবাবাদ এলাকায় প্রকল্পের সাইনবোর্ড ঝুলে আছে বছরের পর বছর। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, একটি গুরুত্বপূর্ণ সেবা প্রতিষ্ঠান স্থাপনে দীর্ঘসূত্রতা এই উপজেলার মানুষদের নিরাপত্তাকে চরম ঝুঁকির মধ্যে ফেলেছে। আগুন আতঙ্ক নিয়েই এই উপজেলার বাসিন্দাদের বসবাস করতে হচ্ছে। একটি জরুরি সেবামূলক প্রতিষ্ঠানের নির্মাণকাজ আটকে থাকায় তাদের জানমালের নিরাপত্তা প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে। তারা দ্রুত ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের কার্যক্রম শুরুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করছেন।

এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত জুলাই-২০২৪ থেকে ২৩ ডিসেম্বর-২০২৫ পর্যন্ত ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ১৪টি ছোট-বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব অগ্নিকাণ্ডের ঘটনায় ৩০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ২ কোটি ৫২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা গেছে, উপজেলার সাহেবাবাদ এলাকায় ৩৬ দশমিক ৭৫ শতক জমি অধিগ্রহণ করে প্রায় ৮ বছর আগে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের সাইনবোর্ড স্থাপন করে কুমিল্লা জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। তবে সাইনবোর্ড ঝুলানোর পর দীর্ঘ বছর পেরিয়ে গেলেও এখনো নির্মাণকাজ শুরুর কোনো লক্ষণ দেখা যায়নি। প্রকল্প বাস্তবায়নে বিলম্বের সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়।

উল্লেখ্য, ১৯৮৩ সালের ৭ নভেম্বর প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে ব্রাহ্মণপাড়াকে উপজেলা হিসেবে ঘোষণা করা হয়। তবে উপজেলা প্রতিষ্ঠার ৪২ বছর পার হলেও এখানে এখনো একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপিত হয়নি। যার ফলে প্রতিবছর ছোট বড় অগ্নিকাণ্ডের ঘটনায় এই উপজেলায় কোটি কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এই উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় উপজেলা সদরসহ প্রত্যন্ত অঞ্চলের হাট-বাজার, দোকানপাট, বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান, হাসপাতাল, রোগনির্ণয় কেন্দ্র, গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা ও উপজেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো চরম অগ্নিঝুঁকিতে রয়েছে।

ব্রাহ্মণপাড়া সদর বাজার, সাহেবাবাদ, জিরুইন, মালাপাড়া, অলুয়া, আসাদনগর, ধান্যদৌল, বড়ধুশিয়া, সবুজপাড়া, চান্দলা, উত্তর চান্দলা, ষাইটশালা, মাধবপুর, মকিমপুর, কান্দুঘর, শিদলাই, মহালক্ষীপাড়া, বালিনা, পুমকারা, দুলালপুর, গোপালনগর, বেজুরা, নাল্লা, শশীদল, নাগাইশ, হরিমঙ্গল, নাইঘর, দীর্ঘভূমিসহ বিভিন্ন জায়গায় বোতলে করে বিক্রি হচ্ছে পেট্রোল, অকটেন, ডিজেলের মতো ঝুঁকিযুক্ত জ্বালানি। এতে এসব এলাকায় অগ্নিকাণ্ডের ঝুঁকি আরও বেড়েছে।

এই উপজেলার কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে পাশের উপজেলা বুড়িচং বা পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে অথবা কুমিল্লা জেলাশহর থেকে ফায়ার সার্ভিসকে আসতে হয়। ফলে খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয় এবং এর আগেই আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা বশিরুল আলম বলেন, আমাদের এলাকায় ফায়ার সার্ভিস না থাকায় আগুন লাগলে বড় বিপদে পড়তে হয়। পার্শ্ববর্তী উপজেলার ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পর দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিস আসতে দেরি হয়, আর ততক্ষণে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা ও প্রাক্তন স্কুল শিক্ষক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমাদের উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আমরা সব সময় আগুন আতঙ্কে থাকি। অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা কখনো সময় মত ফায়ার সার্ভিসকে পাই না। যার ফলে অগ্নিকাণ্ডে আমাদের এই উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জরুরি মুহূর্তে ফায়ার সার্ভিসের দ্রুত সহায়তা পাই না বলে আমাদের জানমালের নিরাপত্তা ঝুঁকির মধ্যে থাকে।

এ বিষয়ে কুমিল্লা জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ইকবাল হোসেন কালবেলাকে বলেন, ব্রাহ্মণপাড়ায় ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের কার্যক্রম চলমান আছে। শিগগিরই নির্ধারিত স্থানে ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণকাজ শুরু করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১০

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১১

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১২

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১৩

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১৪

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৬

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

১৭

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৮

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

১৯

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

২০
X