হাসিবুল ইসলাম হাসান, পিরোজপুর
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ০৪:৫৫ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৩, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রী-শাশুড়ির নামে সম্পদের পাহাড় পুলিশ কর্মকর্তার

পুলিশ পরিদর্শক সৈয়দ আবদুল্লাহ। ছবি : সংগৃহীত
পুলিশ পরিদর্শক সৈয়দ আবদুল্লাহ। ছবি : সংগৃহীত

পিরোজপুরের মঠবাড়িয়া থানার সাবেক ওসি ও বর্তমানে ফেনীতে কর্মরত এক পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে প্রায় ১৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) দুদকের সহকারী পরিচালক মো. মোস্তাফিজ বাদী হয়ে পুলিশ কর্মকর্তা সৈয়দ আবদুল্লাহ, তার স্ত্রী ও শাশুড়ির নামে মামলা দায়ের করেন বলে জানান দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক শেখ গোলাম মাওলা।

মামলায় অভিযুক্ত আসামিরা হলেন নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া তালুকপাড়া গ্রামের সৈয়দ মোহাম্মদ হোসেনের পুত্র বর্তমানে ফেনীতে কর্মরত এক পুলিশ পরিদর্শক সৈয়দ আবদুল্লাহ (৫৬), তার স্ত্রী ফারহানা আক্তার (৪৫), তার শাশুড়ি কারিমা খাতুন (৬২)।

মামলার নথির বরাত দিয়ে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক শেখ গোলাম মাওলা জানান, সৈয়দ আবদুল্লাহ প্রতারণার উদ্দেশ্যে তার স্ত্রী ফারহানা আক্তারের নামে দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করেন। যেগুলো ব্যবহার করে তিনি এক কোটি টাকা মূল্যের সঞ্চয়পত্র কেনেন। সৈয়দ আবদুল্লাহর শাশুড়ি কারিমা খাতুনের নামে রাজধানীর গুলশানের নাভানা এসিলমন প্যালেসের ১২ তলায় একটি ৩ হাজার ৯০৯ বর্গফুটের ফ্ল্যাট রয়েছে। ফ্ল্যাটটি ৮ কোটি ৮৩ লাখ ৯৮ হাজার টাকায় কেনা হয়েছে। সৈয়দ আবদুল্লাহর স্ত্রী ফারহানা আক্তারের নামে রাজধানীর কাকরাইলে বাণিজ্যিক ভবন গ্রিন সিটি রিজেন্সির তৃতীয় তলায় ২ হাজার ১২০ বর্গফুট বাণিজ্যিক স্পেস, ২৬৬ বর্গফুটের গাড়ি পার্কিংসহ মোট ২ হাজার ৩৮৬ বর্গফুট জায়গা রয়েছে, যার মূল্য ২ কোটি ৭০ লাখ ২০ হাজার টাকা।

এ ছাড়া ফারহানা আক্তারের নামে রাজধানীর বড় মগবাজারে নির্মিত দ্য ওয়েসিস কমপ্লেক্স টাওয়ারের ১০ম তলায় ২ হাজার ১৫০ বর্গফুটের রয়েল টাইপের ২ কোটি ৭৩ লাখ ৪ হাজার ২৩২ টাকার অ্যাপার্টমেন্ট, খিলগাঁও পুলিশ প্রজেক্ট সাউদার্ন পার্ক-১, ব্লক-এম পশ্চিম নন্দীপাড়ায় ২ হাজার বর্গফুটের ৪ লাখ টাকার ফ্ল্যাট রয়েছে। সৈয়দ আবদুল্লাহর নিজ নামে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আনন্দ পুলিশ হাউজিং সোসাইটিতে ছয় কাঠা করে দুটি প্লট রয়েছে। তিনি দুটি প্লটের জন্য এ পর্যন্ত ৪০ লাখ ৪২ হাজার ২০০ টাকা পরিশোধ করেছেন। ফারহানা আক্তারের ব্যাংক হিসাব থেকে টাকা পরিশোধ করে তার মা কারিমা খাতুনের নামে আবাসিক ফ্ল্যাট কেনা হয়েছে। সব মিলিয়ে আসামিরা অবৈধভাবে ১৮ কোটি ১৫ লাখ ৬০ হাজার ২৮৬ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, সৈয়দ আবদুল্লাহ সরকারি কর্মচারী হিসেবে পুলিশ বাহিনীতে কর্মরত থাকা অবস্থায় তার পদমর্যাদার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অসাধু উপায়ে অর্জিত টাকা নিজের নামে, স্ত্রী ফারহানা আক্তার ও শাশুড়ি কারিমা খাতুনের নামে করেছেন।

গোলাম মাওলা আরও জানান, সৈয়দ আবদুল্লাহ ১৯৯১ সালে উপপরিদর্শক হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি ২০০৭ সালে পরিদর্শক পদে পদোন্নতি পান। তিনি ২০১৯ সালের ২৯ মার্চ থেকে ২০২০ সালের ২৪ মার্চ পর্যন্ত মঠবাড়িয়া থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন। ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের একটি অভিযোগ ওই সময় (২০২০ সালে) অনুসন্ধানের জন্য দুদকের প্রধান কার্যালয় থেকে বরিশালে পাঠানো হয়। পরবর্তী সময়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় পিরোজপুরের সহকারী পরিচালক মো. মোস্তাফিজ অনুসন্ধান শুরু করেন। অনুসন্ধানে সৈয়দ আবদুল্লাহ ও তার স্ত্রী–শাশুড়ির নামে অবৈধ সম্পদ অর্জনের তথ্য পায় দুদক।

মোস্তাফিজ জানান, অনুসন্ধানে সৈয়দ আবদুল্লাহ ও তার স্ত্রী-শাশুড়ির বিরুদ্ধে ১৮ কোটি সাড়ে ১৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭ (১) ধারা ও দণ্ড বিধি ১৮৬০-এর ৪২০/ ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫ (২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪ (২), ৪ (৩) ধারায় মামলা করা হয়েছে।

তিনি জানান, মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের আদেশে সৈয়দ আবদুল্লাহর অপরাধলব্ধ আয়ের মাধ্যমে অর্জিত স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা হয়েছে। একই সঙ্গে সৈয়দ আবদুল্লাহ ও তার স্ত্রী ফারহানা আক্তারের ট্যাক্স ফাইল জব্দ করা হয়েছে।

তবে এ বিষয়ে পুলিশ কর্মকর্তা সৈয়দ আবদুল্লাহর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

১০

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

১১

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১২

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

১৩

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১৪

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১৫

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১৬

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৭

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৮

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৯

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

২০
X