সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

৫ শিক্ষকের ৪ জনই অনুপস্থিত, পাঠদান ব্যাহত

দক্ষিণ সোনাখুলি খামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : কালবেলা
দক্ষিণ সোনাখুলি খামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : কালবেলা

শিক্ষার মূলভিত্তি প্রাথমিক বিদ্যালয় হলেও নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি খামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নিয়মকানুনের তোয়াক্কা না করার অভিযোগ উঠেছে। শিক্ষকদের স্বেচ্ছাচারিতায় ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান।

সরকার ২০২০ সালে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সময়সূচি পরিবর্তন করে দুই শিফট চালু করলেও এই বিদ্যালয়ে তার প্রতিফলন নেই। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টায় ক্লাস শুরু হওয়ার নিয়ম থাকলেও বেশিরভাগ শিক্ষক সকাল ১০টা-১১টার আগে আসেন না।

বিদ্যালয়ে এসে কোনোমতে দু-একটি ক্লাস নিয়েই দুপুর ২টার মধ্যে ছুটি দিয়ে বাড়ি চলে যান। এতে পাঁচজন শিক্ষকের মধ্যে চার-পাঁচ ঘণ্টায় একটি বা দুটি বিষয়ের ক্লাস নিয়ে চলে যাওয়ায় শিশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়ার প্রতি আগ্রহ হারাচ্ছে। তারা বেসরকারি বিদ্যালয়ের দিকে ঝুঁকছে।

গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, মাত্র একজন শিক্ষক উপস্থিত আছেন। একটি শ্রেণিকক্ষ ছাড়া অফিস রুমসহ অন্যান্য শ্রেণিকক্ষ বন্ধ। কেফায়েত হোসেন নামে এক শিক্ষক পঞ্চম শ্রেণির শ্রেণিকক্ষে তৃতীয় শ্রেণির ৩ জন, চতুর্থ শ্রেণির ৫ এবং পঞ্চম শ্রেণির ৬ জনসহ মোট ১৪ শিক্ষার্থীকে একসঙ্গে ক্লাস নিচ্ছেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, এই বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ১২০ জন। এর মধ্যে শিশু শ্রেণিতে ১৭ জন, প্রথম শ্রেণিতে ২৯, দ্বিতীয় শ্রেণিতে ২০, তৃতীয় শ্রেণিতে ১৯, চতুর্থ শ্রেণিতে ২০ এবং পঞ্চম শ্রেণিতে ১৫ শিক্ষার্থী রয়েছে। উপস্থিত না থাকা শিক্ষকদের বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, প্রধান শিক্ষক আমির উদ্দিন ও সহকারী শিক্ষক সাবিহা হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে গেছেন। প্রধান শিক্ষক অফিসিয়াল কাজের কথা বললেও সহকারী শিক্ষক সাবিহা কোনো ছুটি নেননি।

শুধু তাই নয়, প্রধান শিক্ষক মুভমেন্ট খাতায় তার গমনের কারণ উল্লেখ করেননি। এ ছাড়া সহকারী শিক্ষক নার্গিস ও রুপালিকে দুপুর ২টা ৫৫ মিনিটে বিদ্যালয়ে পাওয়া যায়নি। বিদ্যালয়ের খেলার মাঠও অনুপযোগী। ঘাস, লাউ গাছের জাংলা, গাছের গুঁড়ি এবং অন্যান্য আবর্জনায় পরিপূর্ণ, যা খেলার মাঠের জন্য মোটেও উপযুক্ত নয়।

বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল এক শিক্ষার্থী। কারণ জানতে চাইলে সে জানায়, শিক্ষকরা ঠিকমতো ক্লাস নেন না। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুটি বিষয়ে পড়ানো হয়। বাকি সময় খেলাধুলা করেই কেটে যায়। দুপুরেই শিক্ষকরা ছুটি দিয়ে দেন।

পঞ্চম শ্রেণির এক ছাত্রীর অভিভাবক তালেব হোসেন বলেন, ‘কিছুদিন আগে ষান্মাসিক পরীক্ষা শেষ হলো। ছেলেমেয়েরা নিয়মিত স্কুলে আসছে; কিন্তু ক্লাস নেওয়ার বিষয়ে শিক্ষকদের আগ্রহ নেই। তারা নিজেদের মনমতো বিদ্যালয়ে আসেন আবার ইচ্ছামতো চলে যান। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। পরীক্ষার পর লেখাপড়ায় আগ্রহী হলেও শিক্ষকদের অবহেলায় মনোযোগ হারাচ্ছে শিশুরা।’

আরেক অভিভাবক শেফালী বেগম বলেন, ‘প্রতি বছর সরকার নতুন বই দিচ্ছে, যেন শিশুদের লেখাপড়ায় কোনো ব্যাঘাত না ঘটে। অথচ শিক্ষকরা ঠিকমতো ক্লাস নেন না। তারা যদি গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের পড়াতেন, তাহলে ফল আরও ভালো হতো।’

স্থানীয় রফিকুল ইসলাম বলেন, ‘এই স্কুলে লেখাপড়ার যে হালচাল, তাতে ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকার। আমরা গরিব মানুষ, ছেলেমেয়েদের বাইরে পড়ানোর সামর্থ্য নেই। তাই বাধ্য হয়ে এই স্কুলেই লেখাপড়া করানো হচ্ছে।’

হরি কিশোর রায় নামে আরেকজন বলেন, ‘স্যাররা লেখাপড়া করে শিক্ষিত হয়েছেন, আমাদের ছেলেমেয়েরা কী হবে, সেটা ঈশ্বর বলতে পারবেন! এই স্কুলের লেখাপড়ার মান ভালো নয়।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক আমির উদ্দিন বলেন, ‘আমি তো আজকে কাজের কারণে বাইরে ছিলাম, বিদ্যালয়ে ছিলাম না। তাই কিছু বলতে পারব না। আর এভাবে তো ক্লাস নেওয়া হয় না। কালকে গিয়ে শুনব।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্র নাথ রায় কালবেলাকে বলেন, ‘বিষয়টি প্রধান শিক্ষকের কাছে শুনে ব্যবস্থা নেওয়া হবে। কারণ তিনি তো এটি করতে পারেন না।’

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুমারেশ কুমার গাছি কালবেলাকে বলেন, ‘বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। প্রয়োজনীয় তদন্ত শেষে শিক্ষকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X