

চট্টগ্রাম বন্দর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এবং বাংলাদেশ স্থলবন্দরসহ মন্ত্রণালয়ের অধীন ১৫টি উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৪ নভেম্বর) গণভবন থেকে ভার্চুয়ালি সারাদেশে ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সঙ্গে নৌপরিবহন মন্ত্রণালয়ের এসব উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
প্রকল্পগুলো হলো- চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল, বে-টার্মিনাল (মাস্টার প্ল্যান), বাংলাদেশ স্থল বন্দরের ধানুয়া কামালপুর স্থল বন্দর (জামালপুর), রামগড় স্থল বন্দর (খাগড়াছড়ি), বিআইডব্লিউটিসির ছয়টি ইমপ্রুভড মিডিয়াম ফেরি, বিআইডব্লিউটিএর মিঠামইন উপজেলার ঘোড়াউতরা, বোলাই-শ্রীগাং নদীর অংশবিশেষ ও ইটনা উপজেলার ধনু নদীর অংশবিশেষের নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধার, পুরাতন ব্রহ্মপুত্র, ধরলা, তুলাই এবং পুনর্ভবা নদীর নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধার শীর্ষক প্রকল্পের আওতায় ধরলা নদীর নাব্যতা রক্ষার্থে খনন, ঢাকা-লক্ষ্মীপুর নৌপথের লক্ষ্মীপুর প্রান্তে মেঘনা নদী ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় নৌচলাচল সহজিকরণ, ধাওয়াপাড়া (রাজবাড়ী) ও নাজিরগঞ্জ (পাবনা) ফেরি সার্ভিসসহ নদীবন্দর কার্যক্রম।
এ ছাড়াও ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত প্রকল্পগুলো হলো- বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌপরিবহন প্রকল্প-১’র আওতায় পানগাঁও কার্গো টার্মিনাল নির্মাণ, আশুগঞ্জ কার্গো টার্মিনাল, বরিশাল নদীবন্দরে প্যাসেঞ্জার টার্মিনাল, চাঁদপুর নদীবন্দরে প্যাসেঞ্জার টার্মিনাল, নারায়ণগঞ্জ ডেক ও ইঞ্জিনকর্মী প্রশিক্ষণ কেন্দ্র, নারায়ণগঞ্জ খানপুরে অভ্যন্তরীণ কনটেইনার এবং বাল্ক টার্মিনাল নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ।
এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৯৭ হাজার ৪৭১ কোটি তিন লাখ টাকা।