কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ফ্লোটিলার যাত্রীদের যেভাবে নির্যাতন করেছে ইসরায়েলি সেনারা

ইসরায়েলি নৌবাহিনীর হাতে অপহৃত হওয়ার পর গ্রেটা থুনবার্গ এবং অন্য কর্মীরা। ছবি : সংগৃহীত
ইসরায়েলি নৌবাহিনীর হাতে অপহৃত হওয়ার পর গ্রেটা থুনবার্গ এবং অন্য কর্মীরা। ছবি : সংগৃহীত

ইসরায়েলি সেনাদের হাতে আটক থাকার পর মুক্তি পাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যাত্রীরা ভয়াবহ নির্যাতন ও অমানবিক আচরণের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তাদের অভিযোগ— আটক অবস্থায় ইসরায়েলি বাহিনী তাদের ওপর অকথ্য নির্যাতন চালিয়েছে, দীর্ঘ সময় ধরে অনাহারে রেখেছে এবং শারীরিক ও মানসিকভাবে চরম নিপীড়ন করেছে।

ত্রাণবাহী ফ্লোটিলা বহরটি গাজার ওপর আরোপিত অবরোধ ভাঙতে ও মানবিক সহায়তা পৌঁছে দিতে যাচ্ছিল। গত সপ্তাহে ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার জাহাজগুলো আটক করে এবং তাতে থাকা প্রায় ৪৫০ জন অধিকারকর্মীকে গ্রেপ্তার করে। কয়েক দিনের মধ্যে তাদের কয়েকজনকে ছেড়ে দেওয়া হলেও, অনেকেই এখনো ইসরায়েলে আটক রয়েছেন।

মুক্তি পাওয়া যাত্রীদের একজন, ইতালির অধিকারকর্মী চেজারে তোফানি। দেশে পৌঁছে সাংবাদিকদের কাছে তার আটক থাকার অভিজ্ঞতা বর্ণণা করে বলেন, ‘আমাদের সঙ্গে ভয়ংকর ব্যবহার করা হয়েছে। সেনাদের হেফাজতে শারীরিকভাবে নির্যাতনের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়, সেখানেও অপমান ও হয়রানির শিকার হতে হয়।’

একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন ইতালির ইসলামিক কমিউনিটিজ ইউনিয়নের সভাপতি ইয়াসিন লাফরাম। তিনি বলেন, ‘ইসরায়েলি বাহিনী আমাদের ওপর অস্ত্র তাক করে রেখেছিল। তারা সহিংস আচরণ করেছে, ভয় দেখিয়েছে। নিজেদের গণতান্ত্রিক দাবি করা একটি রাষ্ট্রে এমন বর্বর আচরণ অকল্পনীয়।’

শনিবার রাতে রোমে ফিরে আসেন ইতালীয় সাংবাদিক সাভেরিও তোমাসি। তিনি জানিয়েছেন, ‘ইসরায়েলি সেনারা তাদের প্রয়োজনীয় ওষুধও খেতে দেয়নি, উপহাস করেছে এবং আটকদের সঙ্গে ‘বানরের মতো’ আচরণ করেছে।’

তার মতে, প্রহরীরা বন্দিদের নিয়ে হাসাহাসি করছিলেন। এই যাত্রীদের মধ্যে ছিলেন গ্রেটা থুনবার্গ, নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা এবং ইউরোপীয় পার্লামেন্টের কয়েকজন সদস্যও।

অন্য আরেকজন সাংবাদিক লরেনজো ডি’আগোস্তিনো জানিয়েছেন, সেনারা তার ব্যক্তিগত জিনিসপত্র ও টাকা চুরি করেছে। ইস্তাম্বুলে ফিরে তিনি বলেন, ‘আমাদের ভয় দেখাতে কুকুর লেলিয়ে দেওয়া হয়, বন্দুকের লেজার আলো আমাদের দিকে তাক করা হয়।’

আরেক অধিকারকর্মী পাওলো ডি মোনটিস বলেন, ‘আমাদের সব সময় মাথা নিচু করে থাকতে বলা হতো। একবার তাকাতেই একজন এসে ধাক্কা দিয়ে মাথায় চড় মারে। ঘণ্টার পর ঘণ্টা হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়।’

মালয়েশিয়ার দুই শিল্পী ও মানবাধিকারকর্মী হেলিজা হেলমি ও হাজওয়ানি হেলমি জানান, ‘আমরা তিন দিন কিছু খেতে পারিনি। বাধ্য হয়ে শৌচাগারের পানি পান করেছি। কেউ অসুস্থ হলে তারা বলতো— ‘মরে গেছে নাকি? না মরলে আমাদের কী?’

এর আগে মুক্তি পাওয়া কয়েকজন যাত্রী দাবি করেন, গ্রেটা থুনবার্গকেও নির্যাতন করা হয়েছে— তাকে মাটিতে টেনেহিঁচড়ে নেওয়া হয়, ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করা হয় এবং প্রচারণার কাজে ব্যবহার করা হয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি, আটক ব্যক্তিদের সব আইনি অধিকার রক্ষা করা হয়েছে। বিপরীতে, চরম ডানপন্থি নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বরং গর্ব করে বলেন, ‘আমরা ফ্লোটিলা কর্মীদের সঙ্গে সন্ত্রাসীদের মতো আচরণ করেছি, এবং সেটাই প্রাপ্য।’

ইসরায়েলে অধিকারকর্মীদের ওপর এই নির্যাতনের ঘটনায় পাকিস্তান, তুরস্ক, কলম্বিয়া, গ্রিসসহ একাধিক দেশ তীব্র সমালোচনা করেছে। বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে এবং গ্রিস সরকার আনুষ্ঠানিকভাবে লিখিত প্রতিবাদ জানিয়েছে।

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, সর্বশেষ ২৯ জন ফ্লোটিলা কর্মীকে দেশে ফেরত পাঠানো হয়েছে, তবে অনেকেই এখনো ইসরায়েলের হাতে বন্দি রয়েছেন।

সূত্র: আল জাজিরা

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

আলোচিত লামিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩

হজে বিমান ভাড়া কমল

জামায়াত এমপির সেই ভাইরাল ভিডিও নিয়ে প্রথম স্ত্রীর বার্তা

দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি, এবার ফ্রান্স

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা

শ্যালককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুলাভাইয়ের

ভাইরাল ভিডিও নিয়ে জামায়াত এমপির পোস্ট

ফাইনালের আগে ড্রেসিংরুমে মেসির বক্তব্য ঘিরে রহস্য

১০

বাহরাইনে আমাজনের ডাটা সেন্টারে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

১১

পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

১২

জাপানের অর্থনৈতিক অঞ্চলে চীনের সামরিক মহড়া, সতর্ক টোকিও

১৩

বিশ্বকাপ খেলা দেখা নিয়ে স্ত্রীকে নির্যাতন, ভিডিও ভাইরাল

১৪

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী

১৫

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি এআই নয়: রিউমর স্ক্যানার

১৬

জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

১৭

মেসিকে নিয়ে ইয়ামাল / তার কথাগুলো আমার স্বর্ণের মেডেলটির মতোই মূল্যবান

১৮

আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

১৯

এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, গুজবে কান না দেওয়ার আহ্বান

২০
X