রংপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

অ্যানথ্রাক্স ছড়াচ্ছে উত্তরাঞ্চলে, রংপুর-গাইবান্ধায় সরেজমিনে তদন্ত শুরু

অ্যানথ্রাক্স সংক্রমণের উৎস ও বর্তমান পরিস্থিতি মূল্যায়নে প্রাণিসম্পদ অধিদপ্তরের অনুসন্ধান টিম। ছবি : কালবেলা
অ্যানথ্রাক্স সংক্রমণের উৎস ও বর্তমান পরিস্থিতি মূল্যায়নে প্রাণিসম্পদ অধিদপ্তরের অনুসন্ধান টিম। ছবি : কালবেলা

রংপুর ও গাইবান্ধা জেলায় অ্যানথ্রাক্স সংক্রমণের উৎস ও বর্তমান পরিস্থিতি মূল্যায়নের জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরের উচ্চপর্যায়ের একটি অনুসন্ধান দল মাঠে নেমেছে।

মঙ্গলবার (০৭ অক্টোবর) তিন সদস্যের প্রতিনিধিদল রংপুরের কাউনিয়া ও পীরগাছায় অ্যানথ্রাক্সে আক্রান্ত খামারি ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন ও ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমানের নেতৃত্বে অনুসন্ধান দলটি গঠিত হয়েছে। দলের অন্য দুই সদস্য হলেন অধিদপ্তরের এপিডেমিওলজি সেলের ডা. ফয়সাল তালুকদার এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজার ডা. তায়ফুর রহমান।

এদিকে পীরগাছা, কাউনিয়া ও মিঠাপুকুরের পর এবার রংপুরের গঙ্গাচড়া উপজেলাতেও দুই ব্যক্তির শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ পাওয়া গেছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মর্ণেয়া ইউনিয়নের মৌভাষা গ্রামের ওই দুই রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।

জেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, প্রতিনিধিদলটি সোমবার (০৬ অক্টোবর) রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় যান। সেখানে খামারি আমিনুল ইসলামের তিনটি গরু মারা যাওয়ার পর সেগুলো পুঁতে ফেলা হয়েছে। মৃত গরুগুলো যে গাছের পাতা খেয়েছিল, তারও নমুনা সংগ্রহ করা হয়েছে।

মঙ্গলবার দলটি কাউনিয়ার ঠাকুরদাস, পীরগাছার আনন্দী ধনীরাম ও মাইটাইল গ্রাম পরিদর্শন করে। পীরগাছার এসব এলাকায় দুই নারী-পুরুষ অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে মারা গেছেন। স্থানীয়ভাবে বেশ কিছু গবাদিপশু আক্রান্ত হয়ে মারা গেছে বলেও জানা গেছে।

ডা. বয়জার রহমান বলেন, ‘গবাদিপশুর সংগৃহীত ১১টি মাংসের নমুনার মধ্যে ১০টিতেই অ্যানথ্রাক্স পজিটিভ পাওয়া গেছে। আরও কিছু নমুনা পরীক্ষাধীন রয়েছে। আমরা ঘাস ও মাটির নমুনাও সংগ্রহ করেছি, সেগুলো পরীক্ষার পর উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

প্রতিনিধিদলের সদস্যরা জানান, জাতীয় চাহিদা অনুযায়ী গবাদিপশুকে অ্যানথ্রাক্সের টিকা দেওয়া হয়। আক্রান্ত এলাকা শনাক্ত হলে ‘রিং মডেল’ অনুসারে ওই অঞ্চল ও আশপাশে টিকাদান কর্মসূচি চালানো হয়, যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে। তবে সিরাজগঞ্জের পর এবার এত বিস্তৃত এলাকায় অ্যানথ্রাক্স ছড়ানো উদ্বেগজনক। আক্রান্ত সব এলাকার গবাদিপশুকে টিকাদান নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে।

ডা. বয়জার রহমান আরও বলেন, ‘আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’

গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার বলেন, ‘মৌভাষা এলাকা কাউনিয়ার হারাগাছ সংলগ্ন। হারাগাছে যেহেতু অ্যানথ্রাক্স রোগী শনাক্ত হয়েছে, তাই এই দুই রোগীকেও সন্দেহভাজন হিসেবে নমুনা পাঠানো হয়েছে।’

প্রাণিসম্পদ অধিদপ্তরের অনুসন্ধান দল বুধবার (০৮ অক্টোবর) রংপুরের মিঠাপুকুর ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু-পাখির মৃত্যু

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১০

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

১৩

২৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

ফিলিস্তিনিদের ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নিচ্ছেন ইসরায়েলিরা

১৫

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

১৬

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

১৭

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার ইয়াবাকাণ্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

১৮

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

১৯

মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

২০
X