কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৯ এএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৩ এএম
অনলাইন সংস্করণ

থালাপতি বিজয়ের সভায় মৃত্যুমিছিল, মোদি-রাহুলের শোকপ্রকাশ

বাঁ থেকে অভিনেতা থালাপতি বিজয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ছবি : কোলাজ
বাঁ থেকে অভিনেতা থালাপতি বিজয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ছবি : কোলাজ

অভিনেতা থেকে ভারতীয় রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। জনসভায় পদদলিত হয়ে নারী-শিশুসহ ৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংবাদমাধ্যমের দাবি, তামিলনাড়ুর কারুরের ওই জনসভায় মাত্রাতিরিক্ত ভিড়ের কারণে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, পদপিষ্টের ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কয়েকটি শিশুও রয়েছে বলে খবর। অসুস্থ আরও অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর জেলায় পদদলিত হয়ে মৃত্যুর এই ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের উচ্চপদস্থ কর্তা ডেভিডসন দেবাশির্বথম জানিয়েছেন, শনিবার রাত ৯টা পর্যন্ত অন্তত ৫০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রহ্মণ্যন। পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন।

এদিকে জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, ‘তামিলনাড়ুর কারুরে রাজনৈতিক সমাবেশের যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও দুঃখজনক। দুর্ঘটনার জেরে যারা প্রিয়জনদের হারিয়েছেন সেসব পরিবারের প্রতি আমার সমবেদনা। ঈশ্বর তাদের এই কঠিন সময় থেকে বেরিয়ে আসার শক্তি দিন। আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করছি।’

পাশাপাশি শোকপ্রকাশ করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ঘটনায় মৃতদের পরিবারের উদ্দেশে সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের আরোগ্য কামনা করেছেন তিনি। দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন দুর্ঘটনাস্থলে পৌঁছে যাবতীয় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য।

এছাড়াও উদ্বেগপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। সংবাদমাধ্যম সূত্রে খবর, পরিস্থিতি খতিয়ে দেখতে রোববার ঘটনাস্থলে যেতে পারেন তিনি।

ভারতীয় দৈনিক আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভোটমুখী তামিলভূমে জোর প্রচারে নেমেছেন অভিনেতা তথা রাজনীতিবিদ বিজয়। শনিবার কারুরে একটি র‌্যালি ও জনসভার আয়োজন করেছিল টিভিকে। সেই জনসভার মূল বক্তা ছিলেন বিজয়। জানা গিয়েছে, ওই সভায় ডিএমকের প্রাক্তন মন্ত্রী সেন্থিল বালাজিকে নিয়ে একাধিক বাক্যবাণ ছুড়ছিলেন তিনি। আচমকাই সেই সময় উপস্থিত দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। মাঝপথেই বক্তৃতা থামিয়ে দেন বিজয়। বিভিন্ন প্রত্যক্ষদর্শীদের মতে, অভিনেতাকে ছুঁয়ে দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায় উপস্থিত জনতার মধ্যে।

প্রাথমিক অনুমান, জনসভায় অনেক বেশি ভিড় হয়েছিল। উদ্যোক্তারা আশা করেননি এত লোকের জমায়েত হবে। বিজয় বক্তৃতা দিতে উঠতেই ভিড় ক্রমশ বাড়তে থাকে। তার ফলেই জনতার মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে কয়েকজন দলীয় কর্মী অসুস্থ হয়ে পড়েন। কয়েকটি শিশু জ্ঞান হারায়। দ্রুত অসুস্থদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে চাপিয়ে হাসপাতালে পাঠানো হয়।

উল্লেখ্য, গত বছরের ৪ ডিসেম্বর হায়দরাবাদে ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন ওই সিনেমার অভিনেতা আল্লু অর্জুন। সে ঘটনায় তাকে গ্রেপ্তারও করা হয়েছিল। পরে আদালত তাকে জামিন দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১০

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১১

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১২

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৩

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৫

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৭

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৮

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৯

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

২০
X